নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর হত্যাকারীকে স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬ টার সময়ে নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে।
হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
নিহত যুবক ওই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আলী হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন।
অপরদিকে হত্যাকারীর নাম আল আমীন। সে একই এলাকার আব্দুল আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, আজ সকাল ৬টার সময়ে হত্যাকারী আল আমীন ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন। পরে নিহত গাড়ি চালক ওই পথ দিয়ে যাবার সময়ে তার উপর আক্রমন করেন। একপর্যায়ে ঘাতক তার সঙ্গে থাকা ছুরি দিয়ে ভিকটিমকে একাধিক ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ১নং ওয়ার্ড সচিব রাকিবুল ইসলাম বলেন, হত্যা করে চলে যাবার প্রায় ৩০ মিনিট পরে হত্যাকারী নিজেই আবার ঘটনাস্থলে এসে জনতার উপস্থিততে স্বীকারোক্তি দিয়েছেন যে সে হত্যা করেছে। এরপর মানুষ তাকে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছেন। মূলত তাকে দেখে প্রচন্ড নেশাগ্রস্ত মনে হয়েছে। শুনলাম কয়েকদিন যাবত মৃত ব্যক্তির সাথে হত্যাকারীর দ্বন্দ্ব চলছিল।
এ বিষয়ে মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওলিউল্লাহ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হত্যাকারীকে থানায় আটক রাখা হয়েছে। ঘাতক স্বীকারোক্তি দিয়েছেন এবং হত্যায় ব্যবহৃত ছুরি কোথায় ফেলেছেন সেটার তথ্য পেয়েছি। আমরা ছুরি উদ্ধারে যাচ্ছি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, হত্যাকারী নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। তার ভাষ্য,রাস্তায় চলার পথে ভিকটিম কোনো এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছিল,যার প্রতিবাদ করার কারণে ভিকটিম তাকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে মেরে ফেলেছেন।প্রাথমিকভাবে তার আচরণে মনে হচ্ছে সে সুস্থ না। উল্টাপাল্টা বলে।
ডিএস./























