ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েরের যুদ্ধের স্থায়ী অবসান এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের নিশ্চয়তাসহ এ জলপথ ফের উন্মুক্ত করা সংক্রান্ত কূটনৈতিক প্রচেষ্টার স্থবির অবস্থার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করল যুক্তরাষ্ট্র।
ইউএসএস থিওডর রুজভেল্ট নামের এ রণতরীটি গতকাল সোমবার থেকে মধ্যপ্রাচ্যের চলসীমায় মোতায়েন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, “বিমানবাহী রণতরীটি বর্তমানে একটি পূর্বনির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে সেন্টকমের দায়িত্বপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালনা করছে।”
চলতি নভেম্বরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ নবম মাস গড়িয়েছে। যুদ্ধের এই নয় মাসে মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় এই নিয়ে তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করল যুক্তরাষ্ট্র। এর আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জর্জ ডব্লিউ বুশ মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র।
তবে ওই দুই রণতরী যে সময় মোতায়েন করা হয়েছিল, তখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে ছিল। গত আগস্ট মাসে ইরানকে লক্ষ্য করে অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু হওয়ার পর পরস্পরকে লক্ষ্য করে সামরিক হামলা প্রায় শূণ্যের কোঠায় নিয়ে এসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান।
গত সপ্তাহে এ যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে আরও সামরিক হামলার সম্ভাবনা ‘খুবই কম’ এবং যুদ্ধের সামরিক পর্যায়টি ‘কার্যত শেষ হয়ে গেছে’।
তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, পরিস্থিতির পরিবর্তন হলে মার্কিন সামরিক বাহিনী আবারও যেকোনো পদক্ষেপ নিতে ‘সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প এবং কাতারের প্রধানমন্ত্রীর মধ্যকার এ বৈঠকের পর এক সপ্তাহ অতিক্রান্ত হওয়ার আগেই মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন করা হলো ইউএসএস থিউওডর রুজভেল্টকে।
ইউএসএস থিওডোর রুজভেল্টে যা যা আছে
যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের নামানুসারে নামকরণ করা এই রণতরিটি একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী জাহাজ।
১৯৮৬ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হওয়া এই জাহাজটিতে ৫ হাজারেরও বেশি কর্মী রয়েছেন। রণতরীটিতে ৬০টিরও বেশি যুদ্ধবিমানের একটি পূর্ণাঙ্গ এয়ার উইং রয়েছে, যার মধ্যে রয়েছে এফ-১৮ মডেলের টুইন-ইঞ্জিন বিশিষ্ট, সুপারসনিক ও যেকোনো আবহাওয়ায় কার্যকর মাল্টি-রোল যুদ্ধবিমান।
মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, “এই রণতরীর মূল দায়িত্ব হলো বিমানবাহী রণতরি-ভিত্তিক আকাশ যুদ্ধ পরিচালনা করা এবং আকাশ যুদ্ধের সমর্থনে বিভিন্ন স্কোয়াড্রনের পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সমন্বয় ও সমন্বিত কার্যক্রম পরিচালনায় সহায়তা করা।”
যুদ্ধ পরিচালনার পাশাপাশি ইউএসএস থিওডর রুজভেল্ট সাগরে অন্যান্য জাহাজকে প্রয়োজনীয় রসদ সরবরাহ এবং শরণার্থীসহ বিপদে পড়া মানুষদের উদ্ধারের কাজও করে থাকে।
চালু হওয়ার পর থেকেই ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ বিভিন্ন যুদ্ধকালীন ও মানবিক মিশনে অংশ নিয়েছে। ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময়, এটিকে যুদ্ধ পরিচালনার জন্য ভূমধ্যসাগর ও লোহিত সাগরে মোতায়েন করা হয়েছিল। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময়ও এই মার্কিন সামরিক বাহিনীর সহায় ছিল।
এছাড়া, ২০২০-২১ সালে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার সঙ্গে সামরিক অনুশীলনের জন্য এই রণতরীটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।
অক্টোবর মাসে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান যে, ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ সেপ্টেম্বর মাসে তার সান দিয়েগো ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। অন্য একজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, এটি ১৫ নভেম্বর মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে।
সূত্র : আলজাজিরা
_Rs_

























