মা হলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। রাজ নিদিমোরু ও সামান্থা দম্পতির এটি প্রথম সন্তান।
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে সন্তান জন্মের খবর জানান সামান্থা ও রাজ। ছবিতে দেখা যায়, নবজাতকের ছোট্ট হাত আঁকড়ে রয়েছে মা–বাবার আঙুল। তারা ক্যাপশন লিখেছেন, “আমাদের সুন্দর ছোট্ট ছেলে, দেব নিদিমোরু। জন্ম ১৯ নভেম্বর, ২০২৬। এর আগে আমাদের হৃদয় এত বেশি আনন্দিত কখনো হয়নি।”
এর পর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাজ নিদিমোরু ও সামান্থা।
নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে ভেঙে যায় এ সংসার। সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য; পরে তারা সাতপাকে বাঁধা পড়েন।
দীর্ঘদিন একা থাকার পর ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে ঘুরতে দেখা যায়। তবে, এ সম্পর্ক নিয়ে তখন একটি শব্দও খরচ করেননি তারা। গত বছরের ১ ডিসেম্বর সকালে একটি মন্দিরে বিয়ে করেন সামান্থা ও রাজ। পরে ছবি প্রকাশ করে গোপন বিয়ের খবর দেন এই অভিনেত্রী। সামান্থার মতো রাজেরও এটি দ্বিতীয় বিয়ে।
_Rs_

























