গোপালগঞ্জের বিভিন্ন থানায় হামলা, অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের ওপর সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের প্রশংসা প্রসঙ্গে।
গত ১৭ নভেম্বর ২০২৬ খ্রি. গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। হামলাকারীরা থানা ভবন ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে থানা চত্বরে থাকা পুলিশের ৯টি গাড়ি ও প্রায় ৩০টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ সময় থানায় সংরক্ষিত পুলিশের নিজস্ব অস্ত্র এবং সাধারণ জনগণের জমাকৃত বেশ কিছু অস্ত্র লুট করা হয়। হামলায় ৫ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় থানার অবকাঠামো, যানবাহন ও সরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হওয়ার পাশাপাশি অস্ত্র লুটের কারণে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অত্যন্ত উদ্বেগজনক।
এ ধরনের সহিংস কর্মকাণ্ড শুধু পুলিশ বাহিনীর ওপর আঘাত নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও আইনের শাসনের প্রতি সরাসরি হুমকি।
তাছাড়া গত ১৮ নভেম্বর ২০২৬ (বুধবার) রাতে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত একটি হাসপাতালে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়, যা গুরুতর অপরাধ ও অত্যন্ত জঘন্য কাজ৷
থানা, পুলিশ ফাঁড়ি, পুলিশের যানবাহন, অস্ত্রশস্ত্রসহ সকল সরকারি সম্পদ মূলত জনগণের জানমাল রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এসব সম্পদ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়; বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে নিয়োজিত। তাই পুলিশের তথা রাষ্ট্রের যেকোনো সম্পত্তি ভাঙচুর, ক্ষতিসাধন বা ধ্বংস করা মানে জনগণের নিরাপত্তাব্যবস্থাকেই দুর্বল করা এবং নিজেদের সুরক্ষা ও স্বার্থের ক্ষতি করা।
বাংলাদেশ পুলিশ অয়াসোসিয়েশনের এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে৷
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে পুলিশের ওপর ৪৮৪টি হামলার ঘটনায় ৪ জন পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে পুলিশ সদস্যদের এভাবে হামলার শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ সদস্যদেরও জীবন, নিরাপত্তা ও আইনানুগ আত্মরক্ষার অধিকার রয়েছে।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ যা-ই হোক না কেন, দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সরকারি সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় আনা অপরিহার্য।
অপরদিকে, গত ১৯ নভেম্বর ২০২৬ খ্রি. গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের ফলে সৃষ্ট অত্যন্ত প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফরিদপুর জেলার সালথা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ বাবলুর রহমান খান অসীম সাহসিকতা, বিচক্ষণতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মুকসুদপুর থানার অস্ত্রাগারে রক্ষিত সরকারি ও পাবলিক অস্ত্রসমূহ নিরাপদে উদ্ধার করে পুলিশ লাইনস, ফরিদপুরে স্থানান্তর করেন।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জনাব মোঃ বাবলুর রহমান খানসহ অভিযানে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যের সাহসিকতা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করছে এবং তাঁদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছে।
তাঁদের এ দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকা বাংলাদেশ পুলিশের অন্যান্য সদস্যদের মধ্যে সাহস, মনোবল, কর্মস্পৃহা ও পেশাগত দায়বদ্ধতা বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগাবে।
পাশাপাশি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, দায়িত্ব পালনকালে সার্জেন্ট পুলিশ সদস্যদের ভিডিও ধারণ করে তা বিকৃতভাবে সম্পাদনা ও বিভ্রান্তিকর তথ্য সংযোজনের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্যক্তিগত মানহানি ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। সম্প্রতি ০২ নভেম্বর ২০২৬ তারিখে চানখারপুলে সার্জেন্ট ফারজানা ইয়াসমিন ও আসাদ গেটে সার্জেন্ট মহিউদ্দিন, ২৯ সেপ্টেম্বর ৩০০ ফিট এলাকায় সার্জেন্ট শিহাব এবং ২৬ অক্টোবর ওয়ারী এলাকায় সার্জেন্ট কায়সার ভূঁইয়া কর্তৃক যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিডিও ধারণ ও অপপ্রচার চালিয়েছেন। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সংশ্লিষ্ট সার্জেন্ট ও ট্রাফিকে দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্যক্তিগত সম্মানহানি এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সার্জেন্ট ও ট্রাফিকে দায়িত্বরত পুলিশ সদস্যদের হয়রানি ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।
পাশাপাশি দেশের শান্তিপ্রিয় জনগণ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের প্রতি সকল প্রকার সহিংসতা, গুজব ও উসকানি পরিহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।
ডিএস./

























