পদ-পদবি কিংবা সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের প্রতি ভালোবাসা ও নিঃস্বার্থ সেবার মধ্য দিয়েই প্রকৃত সম্মান অর্জন করা যায়। আর সেই উজ্জ্বল দৃষ্টান্তই স্থাপন করেছেন রাজশাহীর বাঘা উপজেলার কৃতী সন্তান রথীন্দ্রনাথ দত্ত। বর্তমানে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। রাষ্ট্রীয় দায়িত্ব ও পেশাগত ব্যস্ততার পাশাপাশি নিজ এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে স্থানীয়দের কাছে তিনি ‘মানবিক ব্যক্তি’ ও আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।
ছাত্রজীবন থেকেই মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি এবং বিপদগ্রস্তদের উপকার করার মানসিকতা নিয়ে পথচলা শুরু করেন রথীন্দ্রনাথ দত্ত। ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন ও তাঁদের মুখে হাসি ফোটানোকেই তিনি জীবনের অন্যতম ব্রত ও সার্থকতা বলে মনে করেন।
ধর্ম-বর্ণ, জাতি কিংবা শ্রেণি-পেশার ভেদাভেদ ভুলে মানুষের পরিচয়কেই সর্বাগ্রে গুরুত্ব দেন এই কর্মকর্তা। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, মানবিক প্রয়োজন এবং সব ধরনের ধর্মীয় উৎসবের সময় নিজ সামর্থ্য অনুযায়ী সবার পাশে দাঁড়ানোর মনোভাব স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ জন্মস্থান বাঘা উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি রয়েছে তাঁর গভীর টান ও দায়বদ্ধতা। এলাকার সার্বিক উন্নয়ন, অসহায় পরিবারগুলোর আর্থিক সহযোগিতা এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে সবার জন্য কাজ করে যাচ্ছেন তিনি। শিক্ষাকে আলোকিত সমাজ গঠনের অন্যতম হাতিয়ার মনে করেন রথীন্দ্রনাথ দত্ত। আর্থিক অনটনের কারণে এলাকার কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন থেমে না যায়, সেই ভাবনা থেকেই তিনি অনেক শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই সর্বজনীন ও মানবিক উদ্যোগে উপকৃত হচ্ছেন এলাকার অসংখ্য অসচ্ছল পরিবার ও শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দাদের কাছে রথীন্দ্রনাথ দত্ত কেবল একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা নন, বরং বিপদে পাশে পাওয়া একজন আপনজন। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর পাশাপাশি তাঁদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুলছেন তিনি। আন্তরিকতা ও পরোপকারী মনোভাবের কারণে অনেকেই তাঁকে ‘মানবতার ফেরিওয়ালা’ বলে অভিহিত করেন।
একজন সরকারি কর্মকর্তা হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও মানুষের প্রতি তাঁর এই দায়বদ্ধতাকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের প্রত্যাশা, রথীন্দ্রনাথ দত্তের মতো সামর্থ্যবান ও দায়িত্বশীল ব্যক্তিদের মানবিক উদ্যোগ সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। তাঁর এই পথচলা আরও বিস্তৃত হোক এমনটাই কামনা বাঘাবাসীর।
ডিএস./


























