কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকেপড়া এক বছরের শিশু আকিফাকে বাঁচানো গেলোনা। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শিশু আকিফা কুষ্টিয়া শহরের চৌড়হাসের সবজি ব্যবসায়ী হারুন-উর রশিদের মেয়ে।
জানা যায়, কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে দাঁড়িয়ে থাকা ফরিদপুর থেকে রাজশাহীগামী গঞ্জেরাজ বাসের সামনে দিয়ে শিশু আকিফাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছিলেন মা রিনা বেগম। হঠাৎ চালক বাসটি চালিয়ে রিনা বেগমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তার কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় আকিফা।
পরে স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঘটনার পর মঙ্গলবার দুপুরে এমন দুর্ঘটনার ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় জেলাজুড়ে। দোষী বাসচালকের শাস্তির দাবিতে বুধবার চৌড়হাস মোড়ে কয়েক হাজার মানুষ ও স্কুলশিক্ষার্থীরা মানববন্ধন করেন।
শিশুটিকে উদ্ধারকারী শ্রমিক নেতা রাসেল জানান, বাসটি মা-মেয়েকে ধাক্কা দেয়ার সময় বাসের যাত্রীরাই চিৎকার দিয়ে ওঠেন। তবে কোনো কিছুর তোয়াক্কা না করে ধাক্কা দিয়ে দ্রুত বাসটি চলে যায়। এ সময় অন্যরা বাসটিকে ধাওয়া করেও আটকাতে ব্যর্থ হয়।


















