ঢাকার মিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রবিবার বিকালে মিরপুরের রাইনখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহাম্মদ জানান। নিহত উত্তম কুমার সরকার (৩৩) শাহআলী থানার উপ পরিদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার বিকাল ৪টার দিকে ঈগল পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী উত্তম ছিটকে পড়ে যান। এরপর ওই বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে উপ-কমিশনার মাসুদ জানান। তিনি বলেন, দুর্ঘটনার পর বাস চালক বেলাল হোসেন এবং তার সহকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।























