কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় দ্রুত সময়ের মধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
খালেদা জিয়ার পছন্দের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য রবিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন বিএনপির শীর্ষ সাত নেতা। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির নেতারা বলেছেন, খালেদা জিয়া এখন অসুস্থ। তার অসুস্থতার মাত্রা বেড়ে যাচ্ছে। এ বিষয়ে তারা আগের মতো আমাকে জানাতে এসেছিলেন। তারা তাদের চেয়ারপারসনের চিকিৎসার জন্য তার পছন্দের হাসপাতালে নেওয়ার কথা আগের মতো এবারও বলেছেন। তবে আগে কেবল মুখে বললেও এবার তারা লিখিত আবেদন করেছেন। আগে কেবল ইউনাইটেড হাসপাতালের কথা বললেও এবার তারা এ্যাপোলো হাসপাতালের কথাও বলেছেন।
এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব ও কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজন) দায়িত্ব দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, তারা যত দ্রুত সম্ভব একটি বোর্ড গঠন করবেন। এই বোর্ডে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, আমাদের চিকিৎসক ও কারা চিকিৎসকরা থাকবেন। তারা যদি মনে করেন সরকারি হাসপাতালে এই সব চিকিৎসা ও সেবা নেই তখন তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই সুপারিশ অনুযায়ী সব ব্যবস্থা করা হবে।























