পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি লাল পতাকা দলের পাবনা জেলা কমান্ডার আবুল হোসেন ওরফে আবু নকশাল (৫৫) নিহত হয়েছেন। এঘটনায় পুলিশের চার সদস্য আহত হন।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত আবুল সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের গোলাম উদ্দিনের ছেলে। আহত পুলিশদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে একদল সন্ত্রাসী নাশকতার পরিকল্পনা করছে এমন খবরের ভিত্তিতে পুলিশ সোমবার ভোর রাতে অভিযান চালায়। পুলিশের দলটি ধোপাকোলা ব্রিজের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় ‘বন্দুকযুদ্ধ’।
একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার, চার রাউন্ড গুলি, ছয়টি তাজা হাতবোমা ও চারটি গুলির খোসা উদ্ধার করে।
হাসপাতালে আনার পর পুলিশ আবুল হোসেন ওরফে আবু নকশালের পরিচয় নিশ্চিত হয়। সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি লাল পতাকা দলের পাবনা জেলা কমান্ডার ছিলেন। তার বিরুদ্ধে হত্যা বিস্ফোরকসহ মোট নয়টি মামলা রয়েছে। তিনি জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
বিবি/জেজে




















