সাভারে পৃথক স্থানে দুই নারী পোশাক শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- লিটন মন্ডল, সাইদুল ও মারফুর। আটক লিটন ও সাইদুল ডিবি পুলিশের সোর্স বলে জানা গেছে।
পুলিশ জানায়, কিছুদিন পূর্বে স্থানীয় জিসান গার্মেন্টসের এক নারী শ্রমিককে সাভারের মালঞ্চ এলাকায় গণধর্ষণ করে লিটন মন্ডল, সাইদুল ও রুবেল। ঘটনাটি পুলিশকে না জানানোর জন্য ধর্ষিতাকে ভয়ভীতিও দেখায়। পরে বৃহস্পতিবার রাতে ওই নারী শ্রমিক ৩ ধর্ষককে অভিযুক্ত করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে সোবহানবাগ এলাকা থেকে সোর্স লিটন ও সাইদুলকে আটক করে। অপর ধর্ষক রুবেলকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
উল্লেখ্য, গত বছর ৬ জুলাই দুই নারীকে মডেল বানানোর কথা বলে গাজীপুর থেকে এনে গণধর্ষণ করেছিল লিটন মন্ডল। এ ঘটনায় মামলা হলে পুলিশ লিটনকে গ্রেপ্তার করেছিল। ৮ মাস জেল খেটে জামিনে বের হয়ে পুনরায় ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করছিল বলে জানা যায়।
অপর দিকে হেমায়েতপুরের যাদুরচর এলাকার এক গামের্ন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে মারফুর নামে এক ব্যক্তি। ওই পোশাক শ্রমিক কর্মস্থলে যাওয়ার পথে তাকে উত্যক্ত করতো মারফুর। এক পর্যায়ে তাকে ফুসলিয়ে বৃহস্পতিবার সকালে মারফুর তার এক ভাইয়ের বাসায় নিয়ে যায় এবং আটকিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী রাতে থানায় মামলা করলে পুলিশ রাতেই মারফুরকে গ্রেপ্তার করে।
সাভার মডেল থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ধর্ষণের শিকার দুই নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
বিবি/এসআর




















