চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত এক নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার ভাটিয়ারীর মাদামবিবির হাটের খাদেম পাড়া এলাকায় রবিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তোয়ান আলী (৪৫) ও তার ১৩ মাসের শিশুকন্যা বিবি ফাতেমা এবং আবুল খায়ের স্টিলের শ্রমিক শহিদুল (৫৫)। গুরুতর আহত নারী তোয়ান আলীর স্ত্রী রিজিয়া বেগম (৩৫)।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভুঁইয়া বলেন, ভাটিয়ারি মাদামবিবির হাট এলাকায় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হওয়ার তথ্য রয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কোন ট্রেন সেটা এখনও শনাক্ত করা যায়নি।
ভাটিয়ারী রেলস্টেশন মাস্টার ইমরান হোসেন জানান, সন্ধ্যায় সীতাকুণ্ডের কুমিরা এলাকায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি বিকল হয়ে পড়ে। সেখানে ঢাকামুখী একটি উদ্ধারকারী ইঞ্জিন ডাউন লাইন অর্থাৎ বিপরীত দিকে যাচ্ছিল।
তিনি বলেন, তোয়ান আলী তার স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে রেললাইন ধরে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। একই লাইনে হাঁটছিলেন শহিদুল। এ সময় পেছন থেকে যাওয়া উদ্ধারকারী ইঞ্জিনে তারা কাটা পড়ে শিশুকন্যাসহ তোয়ান ও শহিদুল মারা যান।
বিবি/জেজে




















