ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুই দফায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। এতে উভয় ঘাটে আটকে পড়েছে শত শত যানবাহন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টা থেকে তীব্র কুয়াশায় নৌরুটের মার্কিং (বিকন বাতি) অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আড়াই ঘন্টা বন্ধ থাকার পর রাত ২টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফের ফেরি চলাচল শুরু হয়। এরপর দ্বিতীয় দফায় বুধবার ভোর ৬টা থেকে নদী এলাকায় তীব্র কুয়াশায় আবারো ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। টানা ৩ ঘণ্টা ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকার পর কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ধীরে ধীরে পুনরায় ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়।
এদিকে ফেরি বন্ধের পাশাপাশি নৌরুটে দেখা দিয়েছে ফেরি সংকট। বুধবার দুপুর নাগাদ রুটে ৭টি রোরো, ৬টি ইউটিলিটি ও ২টি কেটাইপ ফেরি চলছিল। যা প্রয়োজনের তুলনায় কম।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া অফিসের সহকারী ম্যানেজার আবু আব্দুল্লাহ রনি জানান, হঠাৎ করে ঘন কুয়াশায় প্রায় ৫ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় এবং বহরের ২টি ফেরি বিকল থাকাতে উভয় ঘাটে কয়েকশ যানবাহন আটকা পড়েছে। আমরা মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দিয়ে পার করার চেষ্টা করছি।
বিবি/রেআ




















