জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সাতক্ষীরার একটি আসন থেকে এবার নির্বাচনে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়ে বুধবার (০৭-১১-২০১৮ তারিখ) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে জেলা জাতীয় পার্টি এ কথা জানিয়েছে। এ উপলক্ষে তিনি খুব সত্ত্বরই সাতক্ষীরা সফর করবেন বলেও জানিয়েছে দলটি।
সংবাদ সম্মেলনে জেলা জাপা সভাপতি শেখ আজহার হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন, বুধবার জাতীয় পার্টির কেন্দ্রিয় মহাসচিব রুহুল আমীন হাওলাদার তাকে টেলিফোন করে এইচ এম এরশাদের এই আগ্রহের কথা ব্যক্ত করেছেন। ‘পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সাতক্ষীরা ৪ (শ্যামনগর ও কালিগঞ্জের চারটি ইউনিয়ন) আসনে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন’। তার এই বার্তা সাতক্ষীরাসহ দেশবাসীকে জানিয়ে দেওয়ার কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জাপা নেতারা বলেন সাবেক রাষ্ট্রপতির এই ঘোষণাকে তারা সাধুবাদ জানিয়েছেন। একই সাথে তার ও পার্টির মর্যাদা রক্ষায় সবাই একযোগে কাজ করবেন বলেও জানিয়েছেন তারা। নির্বাচনে প্রার্থী হওয়াকে সামনে রেখে এরশাদ যে কোনো সময় সাতক্ষীরা সফর করবেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। চেয়ারম্যানের আগ্রহের কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয় তিনি সাতক্ষীরা থেকে জাতীয় পার্টির নির্বাচনী প্রচার শুরু করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জাপা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সহ সভাপতি শেখ নুরুল ইসলাম, সদর উপজেলা জাপা সম্পাদক আনোয়ার জাহিদ তপন, দলের যুগ্ম সম্পাদক দুররুল হুদা লালু, জেলা ছাত্র সমাজ সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সাধারন সম্পাদক আকরামুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য যে ১৯৮৬ সালের নির্বাচনে জাতীয় পার্টির এড. আবুল হোসেন এই আসনে জয়লাভ করেন । ১৯৮৮ এর নির্বাচনে একই প্রার্থী এড. আবুল হোসেন জয় লাভ করেন। পরে ২০০৮ এর সংসদ নির্বাচনেও আসনটি লাভ করে জাতীয় পার্টি। একাদশ সংসদ নির্বাচনে এই আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার মোড়ল প্রার্থী হবেন বলে প্রচার চালাচ্ছিলেন। এরই মধ্যে বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই আসনে প্রার্থী হবেন বলে ঘোষণা দিলেন।
বিবি / ইএম




















