আফগানিস্তানের রাজধানী কাবুলে ব্রিটিশ নিরাপত্তা সংস্থা জি৪এসের কম্পাউন্ডে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এসময় আরো ১৯ জন আহত হন।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বুধবার বলেছেন, বন্দুকধারীরা নিরাপত্তা সংস্থাটির কম্পাউন্ডের ভেতরে প্রবেশের আগে বাইরে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় বন্দুকধারী ও ওই এলাকার নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বিদেশিরাও রয়েছে বলে এক নিরাপত্তা সূত্র জানিয়েছে। আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র বশির মুজাহিদ বলেছেন, নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং গোলাগুলি বন্ধ হয়েছে।
তালেবানের সঙ্গে শান্তি আলোচনার জন্য আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি একটি কমিটি গঠনের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরই তালেবান এ হামলা চালায়। সুইজারল্যান্ডের জেনেভায় এ শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে।
বিবি/জেজে




















