নেপালের দক্ষিণাঞ্চলে কলেজ শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৫ জন আহত হন। একটি শিক্ষা সফর শেষে ফিরে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। খবর আল-জাজিরার।
নেপাল পুলিশের কর্মকর্তা প্রেম বাহাদুর শাহী বলেছেন, শুক্রবার তুলসিপুর শহরে কাছে ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। তিনি বলেন, দাং জেলা থেকে একটি শিক্ষা সফর শেষে ঘোরাহি শহরে ফিরছিল শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী ওই বাসটি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বাসটি রাস্তা থেকে প্রায় ৭০০ মিটার নিচে পানিতে ডুবে যায়। তিনি বলেন, আমরা এখনও পর্যন্ত ১৩ জন পুরুষ ও তিনজন নারীর মৃতদেহ খুজে পেয়েছি। আহত ১৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে প্রত্যন্ত এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে, তাই উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে।
খবরে বলা হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিরা কৃষ্ণ সেন ইচ্ছুক পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন। উদ্ভিদবিদ্যার পাঠ্যসূচির অংশ হিসেবে পার্শ্ববর্তী একটি জেলায় তারা ওই শিক্ষা সফরে গিয়েছিলেন।
উল্লেখ্য, পাহাড়-পর্বতে ঘেরা নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত সপ্তাহেই একটি মিনি-ট্র্যাক সড়ক থেকে নিচে পড়ে গেলে ২০ জন নিহত হয়।
বিবি/জেজে





















