একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।
রবিবার (২০ জানুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত সাংবাদিকদের অপু বিশ্বাস বলেন, ‘রবিবার বিকেল ৩টার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি মনোনয়নপ্রত্যাশী নই, আমি কাজের সুযোগপ্রত্যাশী।’
এই ঢালিউড সুন্দরী আরও বলেন, আমাদের মমতাময়ী মা ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় নারী ও শিশুদের উন্নয়নের পক্ষে। আমিও আগে থেকেই নারী ও শিশুদের উন্নয়নের পক্ষে কাজ করেছি। আপা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করবো।’
এর আগে গত মঙ্গলবার সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র ক্রয় করেন অপু বিশ্বাস।
একাদশ সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে নায়ক ফেরদৌস, রিয়াজ, চিত্রনায়িকা পপি, অভিনেত্রী তারিনের পাশাপাশি অপু বিশ্বাসকেও নৌকার পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিতে দেখা যায়।
এক ভিডিওবার্তার মাধ্যমে আওয়ামী লীগের হয়ে নৌকায় ভোট চান নায়িকা তিনি। এমনকি তিনি সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম ক্রয় করার কথাও চিন্তা করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই চিন্তা থেকে সরে আসলেও সংরক্ষিত নারী আসনে প্রতিনিধিত্ব করতে চান এই চিত্রনায়িকা।
উল্লেখ্য, ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন অপু। এরপর শাকিব খানের বিপরীতে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে উঠে আসেন। তার পুরো নাম অবন্তী বিশ্বাস অপু। তবে সবাই তাকে অপু বিশ্বাস নামেই চেনে। এক পর্যায়ে গোপনে শাকিব খানকে বিয়ে করে ধর্মান্তরিত হন। নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম। গেল বছর শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ হলেও তাদের ঘরে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান রয়েছে।
বিবি/ ইএম






















