আবারও মেট্রো চ্যানেলে ধরনা, মঞ্চে রাখা চেয়ার বসে বিশ্রাম, সেখানেই জরুরি আলোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতে আবারও সেই পুরনো বিরোধী নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া যেন দেখতে পাচ্ছেন অনেকে।
এই মেট্রো চ্যানেলেই এক সময় বাম সরকারের বিরুদ্ধে লাগাতার ধরনা, বিক্ষোভ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বর্তমানে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মেট্রো চ্যানেলের মঞ্চ, সেখানেই পতাকার রং-এ তৈরি অস্থায়ী মঞ্চ, সেখানেই সাদা শাড়ি ও ছোটো শাল গায়ে জড়িয়ে শীতের রাতে ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত সাংবাদিকরা তার মধ্যে আবারও সেই আগের মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পেয়েছেন, যা তাকে বাংলার মুখ্যমন্ত্রীর পদ পর্যন্ত পৌঁছে দিয়েছিল।
সামনেই ভারতের লোকসভা নির্বাচন। তার আগে বিজেপির সঙ্গে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সংঘাত চরমে। এরই মধ্যে চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে রোববার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দেয় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) সদস্যরা। এই পরিস্থিতি রাজীব কুমারের পক্ষে দাঁড়িয়ে যান মমতা। রোববার রাত সাড়ে ৮টার দিকে মেট্রো চ্যানেলে অস্থায়ী তাবু তৈরি করা হয়। সেখানেই ‘অনির্দিষ্টকালের জন্য সত্যাগ্রহে’ বসে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছেন বহু বিরোধী নেতা। পশ্চিমবঙ্গে যখন প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি, ঠিক সেই মুহূর্তে মমতার এই সত্যাগ্রহকেই হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস।
রোববার রাতভর দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে মমতা বন্দোপাধ্যায়কে। রাতে কোনো খাবার মুখে তুললেও উপস্থিত জনতার উদ্দ্যেশ্যে বক্তব্য দেন তিনি। সোমবার সকালে কিছুক্ষণের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। তার কিছুক্ষণ পরেই ক্লান্তি কাটিয়ে ফিরে আসেন মঞ্চে।
বিডি/রেআ























