ফেনী জেলা থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত করে উন্নয়ন ও সমৃদ্ধির জেলা গড়তে এক হয়ে কাজ করতে চায় ফেনীর নব-নির্বাচিত তিন সংসদ সদস্য। শনিবার (২৩ ফেব্রুয়ারি) ফেনীর ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের দূর্ঘাপুরের শিল্পপতি ও ফেনী জেলা আওয়ামীলীগের সদস্য গনী আহম্মদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তারা এ প্রতিশ্রুতি দেন। শিল্পপতি গনী আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২(সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন, ফেনী-১(ফুলগাজী-পরশুরাম- ছাগলনাইয়া) আসনের সাংসদ ও জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা)আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে: জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
ফেনী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, মেয়র মো. মোস্তফা, পাঠান ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ঘোপাল ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল হক মানিক, মহামায়া ইউনিয়ন চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, শুভপুর ইউনিয়ন চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আখতার হোসেন স্বপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার প্রমূখ।
প্রধান অতিথি নিজাম উদ্দিন হাজারী তার বক্তব্যে বলেন, আমরা সবাই চাই এই জনপদের উন্নয়ন, উন্নয়নের প্রশ্নে ত্রুটি হবেনা। আমরা অপরাজনীতি চাইনা। সবাই মিলে মিশে বসবাস করতে চাই।সন্ত্রাসী যদি আওয়ামীলীগের লোকও হয় প্রশ্রয় দেয়া হবেনা। নিরাপদ জীবনযাপন করতে সবার এক হওয়া প্রয়োজন।
শিরিন আখতার তার বক্তব্যে বলেন, আমরা তিন সাংসদ একসাথে কাজ করব। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত ফেনী গড়তে যুগপদভাবে কাজ করতে হবে তিন সাংসদকে। সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের সাথে একটা সীমা রেখা টানতে হবে।
মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, শিল্পপতিদের উচিত তাদের নিজ জনপদের উন্নয়নে ভূমিকা পালন করা। গণী আহম্মদ দায়িত্বের সাথে সে কাজটি করে যাচ্ছেন। আমরা চাই তিনি এ কাজ ধারা অব্যাহত রাখবেন।
বিবি/ ইএম





















