সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাসের ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন জানিয়েছেন, সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ৭টা ৫০ মিনিটে তাকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেটার বিমানবন্দরে পৌঁছায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে সেখানে আইসিইউতে ভর্তি করা হয়।
এর আগে সোমবার বিকেল ৪টা ১২ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে ওবায়দুল কাদেরেকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ৩০০৮ নম্বর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে তাকে। সোমবার স্থানীয় সময় রাত ৮টার কিছু পর তাকে ডা. কোহ সিয়াম সুন ফিলিপের তত্ত্বাবধানে ভর্তি করা হয়।
ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সচিব গৌতম চন্দ্র জানিয়েছেন, হাসপাতালে তাত্ক্ষণিক চিকিৎসা শুরু করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ঢাকার মতো এয়ার অ্যাম্বুলেন্সেও ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তার ব্লাড প্রেসার ছিল ১৩৫/৭৮।
উল্লেখ্য, রবিবার রাত সাড়ে ৩টায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এরপর সকালে তার শ্বাসকষ্ট বাড়লে সাড়ে ৭টার দিকে বিএসএমএমইউতে নিয়ে ভর্তি করানো হয়।
সেখানে হৃদযন্ত্রে তিনটি মেজর ব্লকসহ একাধিক ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটিতে শতভাগ এবং একটিতে ৯৯ ভাগ ব্লক ছিল। এ সময় তার হার্টের কার্যক্রম স্বাভাবিক করতে একটি এনজিওগ্রাম করে স্টেন্টিং করা হয়।
তারপর থেকে সিঙ্গাপুর পাঠানোর পূর্ব পর্যন্ত তাকে হাসপাতালে আইসিসিইউর (ইনটেনসিভ করোনারি কেয়ার ইউনিট) ২নং শয্যায় চিকিৎসাধীন ছিলেন।
এরপর উচ্চমাত্রার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক ডা. ফিলিপ কোহের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।
সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের সঙ্গে স্ত্রী ইশরাতুন্নেসা কাদের এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক ডা. আবু নাসের রিজভী রয়েছেন।
বিবি/জেজে























