রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রতিপেক্ষর গুলিতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা চিক্কোধন চাকমা (৪০) ওরফে উদয় বিকাশ চাকমা নিহত হয়েছেন। নিহত চিক্কোধন চাকমা সংগঠনটির বাঘাছড়ি উপজেলার পরিচালক ছিলেন। তার বাড়ি উপজেলার বঙ্গলতলী এলাকায়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার করেঙ্গাতলীর বি-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার করা হয়েছে নিরাপত্তাবাহিনীর টহল। ঘটনার জন্য সংষ্কারবাদী জেএসএস (এমএন) দলকে দায়ী করছেন ইউপিডিএফ নেতারা।
জানা যায়, সকালের দিকে ওই এলাকায় সাংগঠনিক কাজে যান চিক্কোধন চাকমা। ওই সময় সেখানে চা খেতে একটি দোকানে অবস্থান করছিলেন। সেই মুহূর্তে অতর্কিত হাজির হয় ৪-৫ জনের একদল অস্ত্রধারী। এ সময় তারা সরাসরি চিক্কোধন চাকমাকে প্রকাশ্য গুলি করে। এতে ঘটনাস্থলেই চিক্কোধন নিহত হন।
ঘটনার জন্য সংস্কারবাদী জেএসএস (এমএন লারমা) গ্রুপকে দায়ী করে ইউপিডিএফ সমর্থনপুষ্ট যুব ফোরামের বাঘাছড়ি উপজেলার নেতা রুপম চাকমা বলেন, সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি করে চিক্কোধন চাকমাকে হত্যা করে পালিয়ে যায়।
অভিযোগ অস্বীকার করে জেএসএস (এমএন লারমা) গ্রুপের বাঘাইছড়ি উপজেলার সভাপতি সুরেশ চাকমা বলেন, ইউপিডিএফের মধ্যে অন্তর্দলীয় কোন্দলের জেরে ঘটনাটি ঘটেছে বলে আমরা শুনেছি। আমাদের দলে কোনো রকমের সশস্ত্র গ্রুপ নেই। আমি ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্ল্যাহ ও বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মঞ্জুর জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।
বিবি/রেআ




















