রাজধানীর বনানীতে এফআর টাওয়ার নামের ২২ তলা একটি ভবনে আগুন লেগেছে। এফ আর টাওয়ার নামে ওই ভবনটিতে আটকা পড়েছেন অনেকে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও। আটকা পড়াদের সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় একজন শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত ১১জন নিহত হয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানিয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
এই হতভাগ্য ১১জনের মধ্যে একজন ট্রাভেল এজেন্সিতে কর্মরত মাকসুদুর রহমান (৩৫)। একই ভবনে থাকা তার স্ত্রী রুমকির (২৮) কোনো খোঁজ পাওয়া যায়নি।
ভয়াবহ এই আগুনে পুরো ভবনটিই পুড়ে গেছে। ভেতরে অনেক লাশ থাকার সম্ভাবনার কথা বলছে উদ্ধারকর্মীরা। আগুন লাগার পর অনেককেই দেখা যায় বিভিন্ন কেবল (তার) ধরে নিচে আসতে এবং লাফিয়ে পড়তে। তাদের মধ্যে একজন মাকসুদুর। তিনি ওই ভবন থেকে লাফিয়ে পড়েন। কিন্তু বাঁচতে পারেননি। ওই ভবনে একই অফিসে চাকরি করা তার স্ত্রী রুমকি বেঁচে আছেন কিনা সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
মাকসুদুরের খালতো ভাই ইমতিয়াজ সাংবাদিকদের বলেন, তারা পুরান ঢাকার বাসিন্দা। পরিবারের একমাত্র ছেলে মাকসুদুর। বাবা মারা গেছেন ছোট বেলায়। স্বামী-স্ত্রী একই অফিসে চাকরি করতেন। সম্প্রতি মাকে নিয়ে নতুন কেনা ফ্ল্যাটে ওঠার কথা ছিল। কিন্তু এখন সবই শেষ!
বিবি/ ইএম
























