নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়েছে।
সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হেলালুদ্দীন আহমদ বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হয়নি, কোনো কেন্দ্র বন্ধ হয়নি। হেলালুদ্দীন আহমদ বলেন, ১২৭টি কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, আমি এ পর্যন্ত ৩০টি কেন্দ্রর ফলাফল জেনেছি। নির্বাচনে প্রায় ৬০ শতাংশের মতো ভোট পড়েছে। নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল। তারা খুব আনন্দের সঙ্গ ইভিএমে ভোট দিয়েছেন।
ইসি সচিব বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন এটি একটি নবগঠিত সিটি করপোরেশন। এখানে ইতোমধ্যে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়ে গেছেন। ফলে নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের মধ্যে ভোটগ্রহণ করা হয়েছে।
মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কেবল কাউন্সিলর পদে এমসিসিতে ভোট নিয়েছে ইসি।
এমসিসির ৩৩টি সাধারণ ওয়ার্ডে ২৪২ এবং সংরক্ষিত ওয়ার্ড ১১টি ওয়ার্ডে ৭০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১২৭ ভোটকেন্দ্রের ৮৩০টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৯৩৪ জন ভোটার।
দেশের ১২তম ও সর্বশেষ এ সিটি নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৮ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারে শেষ সময় ১৭ এপ্রিল, প্রতীক বরাদ্দ ছিল ১৮ এপ্রিল। আর ভোটগ্রহণ হলো ৫ মে।
রবিবার এমসিসি ছাড়াও কুমিল্লার বড়ুরা, ময়মনসিংহের ত্রিশাল ও লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আর নীলফামারীর জলঢাকা উপজেলায় শুধু চেয়ারম্যান পদে এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো।
বিবি/জেজে

























