ধানক্ষেতে আগুন দেওয়ার ঘটনাকে সাজানো নাটক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেছেন ভারতের ধানে আগুন দেওয়া ছবি বাংলাদেশে চালিয়ে দেওয়া হচ্ছে। এ ধরণের মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সংগীত শিল্পী সুবির নন্দীর স্মরণে আলোচনা সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।
কোনও সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করে, তারপর ভেবেচিন্তে প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জনিয়ে তথ্যমন্ত্রী বলেন,ধানক্ষেতের একপাশে আগুন দিয়ে ছবি তুলে ভিডিও শ্যুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ধান ক্ষেতে আগুন দিয়েছে কৃষক এই খবর সর্বত্র প্রকাশিত হয়েছে। ভারতের ধানে আগুন দেওয়া ছবি বাংলাদেশে চালিয়ে দেওয়া হচ্ছে। এ ধরণের মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে।
এই যে সংবাদগুলো পরিবেশন করা হয়, যে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় তার ইফেক্ট কি সমাজের ওপর পড়ে না? এর সত্যতা আছে কিনা? দয়া করে ভেবে চিন্তে এই ধরনের সংবাদ প্রকাশ করবেন।
তিনি বলেন, এই সরকারের আমলেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সাম্প্রতিক সংকট নিরসনে সরকার ধান রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে, আমদানির ওপর শুল্ক আরোপ করা হয়েছে। মনিটরিংয়ের মাধ্যমে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনা হচ্ছে। কিন্তু এখনো সরকারবিরোধীরা মিটিং, মিছিল, সমাবেশে সরকারকে বেকায়দায় ফেলতে এ বিষয়ে সমালোচনা করে যাচ্ছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি ও সাবেক সংসদ সদস্য সারহা বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক খাদ্যমন্ত্রী মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সঙ্গীত শিল্পী এস ডি রুবেল, অভিনেত্রী তারিন জাহান, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সুবির নন্দীর কন্যা ফাল্গুনী নন্দী মৌ প্রমুখ।























