ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদি। তাকে শপথ বাক্য পাঠ করাবেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বর্তমান বিশ্বের বৃহত্তম জনরায় নিয়ে শপথ নিতে যাচ্ছেন চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হওয়া এই ক্যারিশম্যাটিক নেতা।
পাকিস্তান বাদে তার শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রতিবেশী বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটানসহ বিমসটেকের নেতারা। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এসপি-বিএসপিসহ বিজেপিবিরোধী সব দলকে। এতে অংশ নেবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ইউপিএ জোট প্রধান সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী।
এ অনুষ্ঠান ঘিরে ভারতের রাষ্ট্রপতি ভবন বর্ণিল সাজে সাজানো হয়েছে। এ দিন মোদির সঙ্গে শপথ নেবেন তার নতুন মন্ত্রিসভার অধিকাংশ সদস্য। বিজেপি নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা না করলেও দলীয় সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্বে চমক থাকছে।
বিশেষ করে পররাষ্ট্র, অর্থনীতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে উল্লেখযোগ্য। সেই সঙ্গে মোদির দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানা থেকে নতুন মুখ আসতে যাচ্ছেন। এবারের লোকসভা নির্বাচনে এ দুটি রাজ্যে বিজেপির বিস্ময়কর উত্থান হয়েছে, যার পুরস্কার হিসেবে সেখানে মন্ত্রী রাখতে চান মোদি ও অমিত শাহরা।
বিবি/এমএ























