শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার অটো স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে উন্নীত হয়েছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে আরো দুটি মরদেহ বের করে আনা হয়। এর আগে ভোর ৪টার দিকে তিনটি অঙ্গার দেহ বের করে আনা হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডে ছয় জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান এ কথা জানান। সেই সাথে ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে কারখানার ব্যাক প্রসেসিং ইউনিটে আগুনের সূত্রপাত হয়। পরে তা বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান আরো জানান, পুড়ে যাওয়া কারখানায় এখন ডাম্পিংয়ের কাজ চলছে। বুধবার দুপুর পর্যন্ত ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলামকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, পরিচালক শিল্প পুলিশ গাজীপুরের প্রতিনিধি (উপপরিচালক পদমর্যাদার), জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার, গাজীপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক এবং গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক।


















