সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি বেসামরিক বিমানবন্দর লক্ষ্য করে বৃহস্পতিবার চালানো ইয়েমেনের বিদ্রোহীদের একটি ড্রোন হামলা ঠেকিয়ে দেয়া হয়েছে। রিয়াদ নেতৃত্বাধীন সামরিক জোট একথা জানায়। এদিকে ইরান মদদপুষ্ট এ বিদ্রোহী গ্রুপ সৌদি আরবে হামলা জোরদার করেছে।
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত জোটের এক বিবৃতিতে বলা হয়, ড্রোন হামলার লক্ষ্য ছিল জিজান বিমানবন্দর। এতে কোন ক্ষতি বা কেউ হতাহত হয়েছে কিনা বিবৃতিতে সে ব্যাপারে কিছু বলা হয়নি।
বিদ্রোহীদের আল-মাছিরাহ টিভি জানায়, এরআগে বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলী আসির প্রদেশের জিজান ও আবহা বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করে। তবে সৌদি সামরিক জোট আবহায় হামলার খবর নিশ্চিত করেনি।
ইয়েমেনের বিদ্রোহীরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্ত বরাবর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। ২০১৫ সাল থেকে বিদ্রোহীরা সৌদি জোটের বিমান হামলা মোকাবেলা করছে।
বিবি/এমএ























