ঢাকা: আসছে সোহেল তাজের ‘হটলাইন কমান্ডো’। সামাজিক বিভিন্ন সমস্যার সমাধান দিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ নিয়ে আসছেন রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’। বৃহস্পতিবার ১৮ জুলাই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে করে এই রিয়েলিটি শোর বিস্তারিত তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে সোহেল তাজ বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য দরকার সোনার মানুষ। আর সোনার মানুষ তৈরি করতেই আমার এ উদ্যোগ। রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকে এই পদক্ষেপ আমার। বহুদিন ধরেই দেশের মানুষ শারীরিক ও মানসিক স্বাস্থ্য, জীবন-যাপনের অভ্যাস ও ধরন, সচেতনতা ও দায়িত্ববোধের বিষয়গুলো নিয়ে আমি ভাবছিলাম। সে ভাবনা থেকেই জন্ম লাইফ স্টাইল বিষয়ক রিয়েলিটি শো হটলাইন কমান্ডো।’
গত ৩ এপ্রিল সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় একটি টিজার প্রকাশ করেন। যেখান দেখানো হয়, সোহেল তাজ মানুষের দরজায় গিয়ে টোকা দিচ্ছেন। আজ সংবাদ সম্মেলনে তিনি জানান, হটলাইন কমান্ডো দল নিয়ে দেশের বিভিন্ন স্থানে নানা শ্রেণি–পেশার মানুষের দরজায় কড়া নাড়বেন।
‘হটলাইন কমান্ডো’ আগামী সেপ্টেম্বর মাস থেকে প্রতি মঙ্গলবার রাত আটটায় আরটিভিতে দেখানো হবে। এ রিয়্যালিটি শো মাসে দুদিন করে ১২ পর্বে হবে। এটি উপস্থাপনা করবেন সোহেল তাজ।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকারের সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ। অবশ্য মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন এবং রাজনীতিতে আর সক্রিয় হননি।
সোহেল তাজের টিমের বিশেষজ্ঞ সদস্যরা মানুষকে সচেতন করবেন এবং হাতে-কলমে সহায়তা করবেন জীবন-যাপনের সহজ ও কার্যকর পথ বেছে নিতে।
সোহেল তাজ বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের ভেতরে যদি সচেতনতা বৃদ্ধি পায়, জীবনধারায় পরিবর্তন আসে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে এবং আমরা ভবিষ্যতে আরও উৎসাহ পাবো। দেশকে ফিট রাখতে হলে দেশের মানুষকে ফিট থাকতে হবে।’
এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে সোহেল তাজ প্রেজেন্টেশনের মাধ্যমে জানান, বাংলাদেশে প্রতিবছর অসংক্রামক রোগের কারণে প্রায় ৬০ ভাগ মানুষ মৃত্যুবরণ করেন, যার ১০০ ভাগ প্রতিরোধযোগ্য। কেবল জীবন অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এসব রোগ থেকে মুক্তি সম্ভব। এই মুক্তির পথগুলো আমরা খোঁজার চেষ্টা করবো।’
সংবাদ সম্মেলনে হটলাইন কমান্ডোর টিম ছাড়াও উপস্থিত ছিলেন আরটিভির সিইও আশিকুর রহমান, স্পন্সরের পক্ষে উপস্থিত ছিলেন র্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী, মিতসুবিশির বিভাগীয় পরিচালকসহ অন্যরা।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ
























