ভয়াবহ বন্যা ও ভূমিধসে দক্ষিণ এশিয়ার তিন প্রতিবেশী দেশ নেপাল, ভারত ও বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত ১৪৬ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে নেপালে ৭৮, ভারতে ৫৪ ও বাংলাদেশে মারা গেছে ২৫ জন।
নেপালের জরুরি সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৪০ হাজার সেনা সদস্য, প্যারা মিলিটারি এবং পুলিশ সদস্যের সমন্বয়ে উদ্ধারকারী ইউনিট গঠন করা হয়েছে। তারা খাবার, তাঁবু, ওষুধ নিয়ে বন্যা উপদ্রুত এলাকাগুলোতে পৌঁছে যাচ্ছে। হেলিকপ্টারযোগে আকাশপথে এবং স্থলপথেও ত্রাণ সাহায্য এবং উদ্ধার অভিযান চলছে। ইতোমধ্যেই নেপালে বন্যায় নিখোঁজ ৩২ জনের সন্ধানে অভিযান চলছে। ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামে বন্যা উপদ্রুত রয়েছে ৪৫ লাখ মানুষ।
দু সপ্তাহের বন্যায় এই রাজ্যটিতে প্রাণ হারিয়েছে মোট ৩০ জন। ৮৫ হাজার মানুষকে সরকারি ১৮৭ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে ৭০টি গ্রাম। এছাড়া ব্রহ্মপুত্রের পানি বেড়ে যাওয়ায় আসামের ন্যাশনাল পার্ক এবং অভয়রাণ্যে বন্যার প্রকোপ বন্যপ্রাণীদের জীবনযাত্রা হুমকির মুখে ফেলেছে। ভারতের বিহার রাজ্যে নেপালের বন্যার পানি বেড়ে যাওয়ার প্রভাবে ৩ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সরকারি হিসাব মতে বন্যায় ভারতের বিহার রাজ্যে মারা গেছে ২৪ জন।
এদিকে নদ নদীর পারি বাড়তে থাকার কারণে ভারতের কেরলা রাজ্যেও বৃহস্পতিবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে বাংলাদেশেও হানা দিয়েছে বন্যা। উজান থেকে আসা পানির ঢলে দেশটির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে বন্যায় মারা গেছেন ২৫ জন। এদের অধিকাংশই কৃষক।
























