ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক চ্যালেঞ্জ নিয়েছি আমরা বললেন ওবায়দুল কাদের।
রোববার (২৮ জুলাই) রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির বন্যাকবলিত অঞ্চলে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গুকে আমরা সহজভাবে নিচ্ছি না। সিরিয়াসলি নিয়েছি, আমরা সর্বাত্মকভাবে প্রতিরোধ গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছি। কেন্দ্রীয়ভাবে আমাদের নেত্রী বলেছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। আমরা সচেতনতামূলক, সতর্কতামূলক সভা-সমাবেশ করব, জনগণকে উদ্বুদ্ধ করব।’
ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে সরকারিভাবে স্বাস্থ্যমন্ত্রীসহ দুই সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দেওয়া হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ওষুধ যেন সরবরাহ করা হয়। জনগণকে ডেঙ্গুর আতঙ্ক থেকে রক্ষা করতে হবে। জনগণকে বাঁচাতে হবে।’
বন্যাদুর্গতদের সর্বাত্মক সহযোগিতা করাও আরেকটি চ্যালেঞ্জ বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘এ দুটি চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে নেমেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের ছয়টি ত্রাণের টিম প্রথম দিন থেকে সর্বাত্মকভাবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বরেকর্ড করেছেন। আমরা মানুষের মানবতার টানে পাশে দাঁড়াই।’
উদ্বোধনী শেষে গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের ইসলামপুর, কুড়িগ্রামের রাজীবপুর, সিরাজগঞ্জের আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে ত্রাণসামগ্রী তুলে দেন ওবায়দুল কাদের।
বিজনেস বাংলাদেশ-/এমএ


























