পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (১ আগস্ট) ট্রেনের ১০ আগস্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
আজ সকাল ৯টা থেকে কাউন্টারে চতুর্থ দিনের মতো ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে । অবশ্য সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে ১০ আগস্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচেপড়া ভিড়। রেলযাত্রীদের ঈদযাত্রায় সবচেয়ে কাঙ্ক্ষিত টিকিট আজ ও আগামীকাল বিক্রি হচ্ছে। টিকিট কিনতে অনেকেই স্টেশনে গত রাত থেকে অপেক্ষা করছেন।
১ আগস্ট বৃহস্পতিবার ২৭ হাজার ৮৮৫টি অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে ১৩ হাজার ৯৪৩টি টিকিট বিক্রি হবে ঢাকার পাঁচটি রেলওয়ে স্টেশনের কাউন্টারে। আর ১৩ হাজার ৯৪২ টিকিট বিক্রি হবে অনলাইনে রেল সেবা অ্যাপসের মাধ্যমে।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩টি স্পেশাল ট্রেনসহ কমলাপুর থেকে ১৬টি ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। আর ঢাকার পাঁচ স্থান থেকে মোট ৩৭টি ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।
১ আগস্ট বৃহস্পতিবার ১০ আগস্টের ও আগামীকাল ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।
ঢাকার যে পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে সেগুলো হলো- কমলাপুর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন।
বিজনেস বাংলাদেশ-/এমএ
























