পবিত্র ঈদুল আজহায় আনন্দের মাঝেও কোরবানিকে কেন্দ্র করে কোন কোন পরিবারে নেমে এসেছে বিষাদ। রাজধানীতে কোরবানির মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন ২১৩ জন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের দিন দুপুর পর্ন্ত কোরবানির ঘটনায় আহত ২১৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের বেশিরভাগের হাতে ও পায়ে ধারালো ছুরি বা দায়ের আঘাত রয়েছে। কারো কারো ৫ টি থেকে ১০ টি সেলাই লেগেছে। অনেকের শরীরে বিভিন্ন স্থানে জখমও হয়েছে। অনেকে আহত হয়েছেন গরুর সিংয়ের আঘাতে।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আহতরা আসতে থাকেন ঢামেক হাসপাতালে। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
খিলগাঁও থেকে ওমর ফারুক নামের একজন বাঁ হাতে কাটা ক্ষত নিয়ে হাসপাতালে আসেন। ফারুক বলেন, ‘নিজেদের গরু কাটবো বলে দা-ছুরি আগেই কিনেছিলাম। গরু জবাইয়ের পর চামড়া ছিলতে গিয়ে বা হাতের অনেকখানি কেটে গেছে।’ ফারুক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
























