চীনের রাজধানী বেইজিংয়ে কোনো ঘুড়ি, ড্রোন কিংবা কবুতর উড়তে দেয়া হবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কমিউনিস্ট পার্টির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজের প্রস্তুতির কারণে দুই সপ্তাহের বেশি সময়ের জন্য বেইজিংয়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
গালফ নিউজ জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। রাজধানীর শহরের ১৬টি জেলায় নিষিদ্ধ করা হয়েছে। চীনে কবুতর ওড়ানো জনপ্রিয় একটি খেলা। সেখানকার সাধারণ মানুষ সারা বছরই বাড়ির ছাদে কবুতর উড়িয়ে অবসর সময় কাটান। রোববার থেকেই সামরিক উড়োজাহাজ প্যারেড গ্রাউন্ডের রুটে উড়ছে। অন্যান্য সামরিক সরঞ্জামও সেখানে সচল রয়েছে। এমন পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশটি নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রেসিডেন্ট শি জিনপিং ভাষণ দেবেন।
প্রায় এক লাখ মানুষ সেখানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।























