কিছুটা দেরিতে হলেও সিনেমা পাড়ায় নির্বাচনী হাওয়া লেগেছে। আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি–বার্ষিক নির্বাচন। তাই এফডিসির ক্যান্টিনে, আড্ডায় কিংবা শুটিং ফ্লোরে কাজের ফাঁকে চলছে নির্বাচন নিয়ে আলোচনা।
অন্যদিকে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা গোছাতে শুরু করেছেন প্যানেল। ক্ষমতাসীন মিশা সওদাগর–জায়েদ খান আবারও এক প্যানেল থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। অন্যদিকে জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীও ঘোষণা দিয়েছেন সভাপতি পদে প্রার্থী হওয়ার।
যদিও আগামী ৪ অক্টোবর তফসিল ঘোষণার পরই প্যানেল ও প্রার্থী সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
তবে এফডিসি ঘুরে কয়েকজন শিল্পীর সঙ্গে কথা বলে জানা গেল, তারা আসছে নির্বাচনে এমন কাউকে শিল্পী সমিতির নেতৃত্বে দেখতে চান চাইলেই যার নাগাল পাওয়া যায়।
এফডিসির ঝর্ণা স্পটে দাঁড়িয়ে কথা হচ্ছিল শিল্পী সমিতির সদস্য একজন চিত্রনায়িকার সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, শিল্পী সমিতি শিল্পীদের উন্নয়নে কাজ করবে এটাই স্বভাবিক।
এখন যারা সমিতির নেতৃত্বে আছেন তারা চেষ্টা করেছেন ভালো কাজ করতে। তবে সেই কাজ শিল্পীদের উন্নয়নে খুব একটা ভূমিকা পালন করছে না। যতটুকু না উন্নয়ন করা হয়েছে তার থেকে বেশি হাইলাইট করা হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান























