হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, হিন্দু যুব ফোরাম ও হিন্দু ছাত্র ফোরাম।
জাতীয় হিন্দু ফোরামের সেক্রেটারি জেনারেল মানিক চন্দ্র সরকার, বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি আইনজীবী রবীন্দ্র ঘোষ, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কালীপদ মজুমদার, অধ্যাপক অশোক তরু, রামপদ দাস প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানিক চন্দ্র সরকার বলেন, ‘তিনদিনের দুর্গাপূজায় একদিনের সরকারি ছুটি অত্যন্ত অপ্রতুল। বর্তমান সরকারের কাছে তিন দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়ে আসছেন হিন্দুধর্মীয় নেতারা। কিন্তু কোনো সাড়া মেলেনি।
তবে আমরা মনে করি, ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হওয়ায় দিন সরকারি ছুটির ঘোষণা এখন সময়ের দাবি।’
সরকার এবার তাদের এ দাবি পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পূজার ছুটি বাড়ানো ছাড়াও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয় গঠন, সরকারি চাকুরিতে সংখ্যালঘুদের জন্য ২০ শতাংশ কোটা, হিন্দু পারিবারিক আইন অপরিবর্তিত রাখা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহালয়ার দিন ছুটি দেয়া, দুর্গাপূজার সপ্তমীর দিন রংপুর-৩ আসনের উপ-নির্বাচন পরিবর্তন এবং সারাদেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুরের বিষয়গুলো আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান






















