আগামী নভেম্বরে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। শক্তিশালী এই দলের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলাটা রীতিমতো অগ্নিপরিক্ষাই হতে চলেছে। এই পরিক্ষায় ভালো করার জন্য চাই বিশেষ প্রস্তুতি।
জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন চলতি সিপিএলে খেলার মধ্য দিয়েই তিনি এই প্রস্তুতি সারবেন।
ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের অনুষ্ঠানে অংশ নিয়ে নিউইয়র্ক থেকে সরাসরি ক্যারিবিয়ান দীপপুঞ্জে উড়ে গিয়েছেন সাকিব। সেখানে খেলে ফেলেছেন ইতোমধ্যে দুইটি ম্যাচ।
বিশ্বকাপ থেকে শুরু হওয়া দারুণ ফর্ম ধরে রেখেছেন সিপিএলেও। নিজের প্রথম ম্যাচ থেকেই দারুণ অলরাউন্ডিং পারফর্ম্যান্স দেখিয়ে আসছেন সাকিব। প্রথম ম্যাচে ৪ ওভার বল করে একটি মেডেনসহ খরচ করেছেন মাত্র ১৪ রান, শিকার করেছেন প্রতিপক্ষ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে। এরপর ব্যাট হাতে ২৫ বলে ২ চার ও ১ ছক্কার ঝড়ো ইনিংস খেলেছেন।
এদিকে দ্বিতীয় ম্যাচেও ধরে রেখেছিলেন সেই পারফরম্যান্স। শূন্য রানেই ওপেনার হেলসের বিদায়ের পর আরেক ওপেনার চার্লসের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে দলকে লড়াই করার শক্তি যোগান সাকিব।
২১ বলে দুই চারে খেলেন ২২ রানের ইনিংস। এরপর ১৪১ রানের ছোট টার্গেট প্রতিরোধ করতে বল হাতেও সক্রিয় ভূমিকা রেখেছেন সাকিব । ৪ ওভারে ২০ রানের খরচায় নিয়েছেন একটি উইকেট৷
এদিকে সাকিবের প্রথম ম্যাচে তার দল ১ রানে হারলেও আজ ২৪ রানের জয়ে নিশ্চিত করেছে প্লে অফ। গ্রুপ পর্বে সাকিবদের বাকি আর মাত্র একটি ম্যাচ। এরপর থেকে শুরু হবে প্লে অফের লড়াই।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























