হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সাধারণ মানুষের মতো তারকারাও মেতে ওঠেন এ উৎসবের আনন্দে। ব্যস্ততা থেকে বিরতি নিয়ে বিশেষ এ উৎসবের সময়টাতে পরিবারের সদস্য ও কাছের মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন তারা।
প্রতি বছরই দুর্গাপূজা এক পূজা মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ঘুরে বেড়াতে দেখা যায় তারকাদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ এ উৎসবটি পালনের জন্য এরইমধ্যে কলকাতায় পৌঁছে গিয়েছেন কাজল। মা ও বোনের সঙ্গে মিলে বেশ আনন্দেই উৎসবটি উপভোগ করছেন বলিউডের এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি।

অভিনেত্রী জুহি চাওলা উৎসবটিকে পরিবেশবান্ধব করার জন্য ঘুরে বেড়াচ্ছেন এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে।

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বাঙালি এ কথা কারও অজানা নয়। এবারের দুর্গাপূজায় বাঙালি সাজে সেজে নবরাত্রি (মহালয়া) পালন করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছেন সুস্মিতা। যেখানে দেখা যাচ্ছে, লাল শাড়ি পরে পূজার থালা হাতে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

অন্যদিকে, সুস্মিতার ভাইয়ের বউ টেলিভিশন অভিনেত্রী চারু আসোপাও এবারের দুর্গাপূজায় সেজেছেন বাঙালি সাজে।

কিছুদিন আগে প্রেমিক নিখিল জেইনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। আর বিয়ের পর এটি হচ্ছে টলিউডের এই অভিনেত্রীর প্রথম পূজা। তাই স্বামী নিখিলকে নিয়ে বেশ ভালোই কাটছে তার উৎসবের দিনগুলো।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ






















