সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারতের বিপক্ষে ইডেন টেস্ট মিস করতে পারেন তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনার ইতোমধ্যেই বিষয়টি বোর্ডকে জানিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান আজ (বৃহস্পতিবার) বলেন, ‘তামিমকে ছুটির অনুমতি দেয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি আমরা।
আমাদের হাতে এখনো কয়েকটা দিন আছে। দুদিন পর জানা যাবে।’ ঘনিষ্ট সূত্রে জানা গেছে, স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় আছেন তামিম। সেটি হাতে পেলেই সিদ্ধান্ত নেবেন এই ওপেনার। সূত্র আরো জানিয়েছে, এমনও হতে পারে যে সিরিজের প্রথম অংশও মিস করবেন তামিম। সেক্ষেত্রে টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না তাকে।
তামিম যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন তাহলে তার বিকল্প হিসেবে ইমরুল কায়েসকে ভেবে রেখেছে বিসিবি।
ইমরুলকে ইতোমধ্যেই বিষয়টি জানিয়েছে বোর্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের ভারত সফর। ৩রা নভেম্বর প্রথম টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। পরের দুটি ম্যাচ যথাক্রমে ৭ ও ১০ই নভেম্বর। প্রথম টেস্ট শুরু হবে ১৪ই নভেম্বর। আর দ্বিতীয় টেস্ট ২১শে নভেম্বর ইডেন গার্ডেনসে। বহুল আলোচিত ম্যাচটিতে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ

























