আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে জুনিয়র অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি। আন্তর্জাতিক এই টুর্নামেন্টটি অন্তর্ভূক্ত করা হয়েছে জাতির পিতার জন্মশতবার্ষিকীর ক্রীড়া কার্যক্রমের মধ্যে।
তাই বাংলাদেশ হকি ফেডারেশন এই টুর্নামেন্ট আয়োজনে যেমন সফল হতে চায় তেমন চায় মাঠে ভালো ফলাফল করতে। তাইতো যুব হকি দলকে ক্যাম্পে রেখে অনুশীলন করাচ্ছে ফেডারেশন। ইতিমধ্যে ওমানকে আতিথেয়তা দিয়ে ৫ ম্যাচ সিরিজও খেলেছে ঢাকায়।
ওমানে গিয়ে ফিরতি সিরিজও খেলার কথা ছিল যুব দলের। এর বাইরে মালয়েশিয়া কিংবা দক্ষিণ কোরিয়াতেও প্রস্তুতি ম্যাচ খেলানোর জন্য দল পাঠানোর পরিকল্পনা করেছিল ফেডারেশন। তবে সে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসতে পারে বলে আজ (রোববার) জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুর রশিদ শিকদার।
আগামী ফেব্রুয়ারিতে ওমান অনূর্ধ্ব-২১ দল নিয়ে চারজাতির একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজন করবে। ওই টুর্নামেন্টে খেলার আগ্রহ বাংলাদেশের।
‘আমরা ওমানে গিয়ে সিরিজ খেললে সেটা শুধু ওই দলটির বিরুদ্ধেই নিজেদের দলকে পরখ করা হবে। আর যদি ওই টুর্নামেন্টে খেলি তাহলে তিনটি দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা হবে। তাই আমরা ওই টুর্নামেন্টে খেলার বিষয়ে আগ্রহী’- বলেছেন আবদুর রশিদ শিকদার।
কোন কোন দেশ খেলবে ওমান আয়োজিত এই চারজাতি টুর্নামেন্টে? আবদুর রশিদ শিকদার বলেন, ‘এখনো দল চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশ, জাপান ও ওমান খেলবে। মালয়েশিয়া কিংবা ভারতের একটি দল খেলতে পারে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান























