গোডাউন থেকে ১০ টাকা কেজির সরকারী চাউল সড়ানোর সময় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১২০ বস্তাসহ দুখু মিয়া নামে এক ট্রলি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) দিনগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার সিন্ধুর্নায় একটি গোডাউন থেকে এসব চাউল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ট্রলি চালক দুখু মিয়া পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের বাসিন্দা।
হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন জানান, সিন্ধুর্না এলাকার শাহজাহান আলীর গোডাউন মধ্যরাতে কিছু সরকারী চাউলের বস্তা পাচার হবে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে ওই গোডাউনে অভিযান চালান হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
এ সময়, গোডাউনের ভেতরে মজুদ থাকা ৩০ কেজি ওজনের ১২০ বস্তা চাউল উদ্ধার করা হয়। প্রতিটি চাউলের বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের সীলমোহর রয়েছে। এসব চাল ১০ টাকা কেজি দরে বিক্রির কোন ডিলারের হবে বলেও ধারনা করা হচ্ছে।
এসব চাউল ট্রলিতে পাচারের চেষ্টা করায় ট্রলি চালক দুখু মিয়াকে আটক করে পুলিশ। তবে, গোডাউন মালিক শাহজাহান পলাতক রয়েছে।
আটক ট্রলি চালক দুখু মিয়া প্রাথমিক জিজ্ঞসাবাদে পুলিশকে জানায়, এসব চাউল কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় নেয়ার প্রস্তুতি চলছিল। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সামিউল আমিন বলেন, এসব কোন ডিলারের চাউল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তবে, এর সাথে সরকারি কোন কর্মকর্তা জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















