দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর নাগাদ এই ঝড় হবে। তবে এই ঝড়ের বাতাসের গতি বেশি হবে না। সেইসঙ্গে অনেক এলাকায় বজ্রপাত, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, লঘুচাপের প্রভাবে এই মৌসুমে এই ধরনের আবহাওয়া স্বাভাবিক। এখন আবহাওয়ার যে পরিস্থিতি তাতে দুপুর ১২টা নাগাদ ঢাকাসহ আশেপাশের এলাকায় কালবৈশাখী ঝড় হবে। তবে ঝড়ের বাতাসের গতিবেগ খুব বেশি হবে না।
আবহাওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় বিজলি চমকানো এবং অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ভোলায় ৩৯ মিলিমিটার। এছাড়া সিলেট ও শ্রীমঙ্গলে ২৯ মিলিমিটার, বগুড়ায় ২৪, বদলগাছিতে ১৮, বরিশালে ১২, টাঙ্গাইলে ১৬, ময়মনসিংহে ১১ মিলিমিটার করে বৃষ্টি রেকর্ড করা হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















