কুষ্টিয়ার দৌলতপুরে হতদরিদ্রদের মাঝে বিতরনের সরকারি ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগে হাবিবুর রহমান ওরফে হবি নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তিনি দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। এ বিষয়ে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, করোনার দুর্যোগকালীন সময় অস্বচ্ছল ও দুস্থদের জন্য সরকার কর্তৃক বরাদ্দের ত্রাণ (চাল, ডাল, আলু, সাবান) নিজ ওয়ার্ডে বিতরণের জন্য ওই ইউপি সদস্যকে প্রদান করা হয়। গত শুক্রবার এসব ত্রাণ সামগ্রী দু’এক জনের মধ্যে বিতরণ করে বাকীটা বিতরণ না করে নিজে আত্মসাত করেন।
এলাকাবাসীর অভিযোগ, হবিবর রহমান ওরফে হবি মেম্বার গরু ক্রয় করে গ্রামের বিভিন্ন মানুষের মাঝে বর্গা দিয়ে রেখেছেন। ত্রাণের চাল ও অন্যনা সমাগ্রী দুস্থদের মাঝে না দিয়ে গরুর খাবার হিসেবে তিনি ওই চাল ব্যবহার করছেন। হবি মেম্বারের গরুর বর্গাচাষী অনেকে ওই চাল গরুকে খাওয়ানোর কথা স্বীকার করায় বিষয়টি জানাজানি হয়। এ ঘটনা থানা পুলিশসহ সংশ্লিষ্টদের অবহিত করলে দৌলতপুর থানা পুলিশ অভিযোগের সত্যতা পাওয়ায় মঙ্গলবার তাকে গ্রেফতার করেন।
দৌলতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল ইসলাম মহি বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী ত্রানের ৩৬ প্যাকেট সামগ্রী তার ওয়ার্ডে বিতরনের জন্য হবিবুর রহমানকে প্রদান করা হয়। দেশের ক্রান্তিকালে ওই ত্রাণ বিতরনে অনিয়ম হওয়া খুবই দু:জনক।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান


























