গাজীপুরের কালিয়াকৈর বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। শনিবার সকাল থেকে তারা বিক্ষোভ করছেন।
শ্রমিকরা জানান, উপজেলার বাড়ইপাড়া এলাকায় হেচং বিডি লিমিটেড নামে এক কারখানার শ্রমিকরা গত তিন মাসের বেতন পাননি। মালিকপক্ষ কয়েকবার শ্রমিকদের বেতন পরিশোধদের তারিখ দিয়েও পরিশোধ করেনি। আজ বেতন পরিশোধের নির্ধারিত তারিখ ছিল। সকালে কারখানা এসে ফটকে তালা দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনান্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে।
গাজীপুর শিল্প পুলিশের এসআই আরিফ ইসলাম জানান, শ্রমিকদের মধ্যে কারো দুই মাসের, কারো তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বেতনের দাবিতে তারা বিক্ষোভ করছেন। এখন তারা মহাসড়ক ছেড়ে কারখানা এলাকায় অবস্থান করছেন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন পরিশোধের চেষ্টা চলছে।
এছাড়া গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারে বেতনের দাবিতে এটিএস সোয়েটার কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শনিবার বেলা ১১টা থেকে তারা বিক্ষাভ শুরু করেন।
কারখানার শ্রমিকরা জানান, কয়েক মাস যাবৎ কারখানার তিনশ-চারশ শ্রমিকের বেতন কর্তৃপক্ষ পরিশোধ করছে না। বিভিন্ন সময় তারিখ দিলেও তারা পরিশোধ করছেন না। সর্বশেষ বিকাশ ও রকেটে বেতন দেয়ার কথা বললেও বেতন দিচ্ছেন না।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান























