চট্টগ্রামে নতুন করে এক পুলিশ সদস্যসহ মোট ৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া পুরনো দুই রোগীর শরীরে ফের পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন করে একজন পুলিশ কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চট্টগ্রামে মোট ১০ পুলিশ সদস্য এই ভাইরাসে আক্রান্ত হলেন।
গত মঙ্গলবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, মঙ্গলবার বিআইটিআইডিতে ১০০ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজেটিভ আসে মোট ৬ জনের। এদের মধ্যে দুইজন পুরানো রোগী। বাকি চারজন নতুন শনাক্ত। তাদের মধ্যে তিনজন চট্টগ্রামের, একজন লক্ষ্মীপুরের বাসিন্দা।
সিভিল সার্জন বলেন, দামপাড়ায় শনাক্ত হওয়া ব্যক্তি পুলিশ কনস্টেবল। তিনি সিএমপির ট্্রাফিক বিভাগের উত্তর জোনে কর্মরত আছেন। বয়স ৫০ বছর। থাকেন চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনের ট্্রাফিক ব্যারাকে। ওই ব্যারাকের বাসিন্দা হিসেবে এ পর্যন্ত আট জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। এর আগে নগরীর লালখানবাজার এলাকার বাসিন্দা সিএমপির এক নায়েকও করোনায় আক্রান্ত হয়েছেন। এ হিসাবে সিএমপিতে মোট ৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া র্যাবের চট্টগ্রাম জোনে কর্মরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শকও করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে চট্টগ্রামের মোট ১০ পুলিশ সদস্য এই ভাইরাসে আক্রান্ত হলেন।
বিজনেস বাংলাদেশ / আতিক













