সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সারাদেশে ত্রাণ বিতরন অব্যাহত রেখেছে। তারই আলোকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ইতোমধ্যে ত্রাণ বিতরণ করেছে । পাশাপাশি তালিকা প্রস্তুত কাজও চলমান রয়েছে।
ইতোমধ্যে আমরা সকল ওয়ার্ড থেকে তালিকা চেয়ে পত্র পাঠিয়েছি। এ তালিকা কেন্দ্রের নিকট প্রেরণ করা হবে। তিনি বলেন, মহানগর আওয়ামীলীগ তৃণমূল কর্মীদের খোঁজ খবর নিচ্ছে। উপহার সামগ্রী প্রদান অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনামতে ছুটি কালীন সময়ে কোন পরিবার যেন অভুক্ত না থাকে সে ব্যাপারে কাজ করছে। আজ ৪২ নং নাছিরাবাদ ওয়ার্ড, ৪৩ নং আমিন শিল্প ওয়ার্ড ও ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ইউনিট আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ হতে ভোগ্যপন্য উপহার সামগ্রী বিতরণকালে মেয়র এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এসময় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কাউন্সিলর মোরশেদ আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, মহানগর আওয়ামী লীগ সদস্য ও পাঁচলাইশ থানা আওয়ামী লীগের আহবায়ক মো. ইয়াকুব, সৈয়দ আমিনুল হক, মহব্বত আলী খাঁন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















