কুষ্টিয়ার দৌলতপুরে কাঁচা রাস্তা নির্মানকে কেন্দ্র করে দু’দল গ্রামীর মধ্যে সংঘর্ষে শামীম মলিথা (২৮) নামে এক যুবক নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫জন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিনগাছী মালিথাপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত যুবক একই এলাকার মেহের বক্স মালিথার ছেলে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩জনকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, হরিনগাছী মালিথাপাড়া গ্রামে একটি কাঁচা রাস্তা নির্মান নিয়ে মালিথা গ্রুপ ও মোল্লা গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ বিকেলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে মালিথা গ্রুপের শামীম নামে এক যুবক নিহত হয়। এ ঘটনায় অন্তত আরো ৫জন আহত হয়। আহতদের মধ্যে মালিথা গ্রুপের মুল্লকচাঁদের ছেলে আপন ৩ ভাই সাহাজুল (৩৫), শুকাঁচদ (৪৫) ও মুকাদ্দেস (৫০) কে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, হরিনগাছী মালিথাপাড়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ১জন নিহত হওয়ার খবর শুনেছি। আমি ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















