স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রধান শিক্ষা হচ্ছে মানবতার কল্যানে কাজ করা।
তিনি আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে ইসলাম ধর্ম প্রচারের পাশাপাশি অভুক্ত, নিপীড়িত, অসহায় মানুষের মুক্তির জন্য নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। তার মানবিক শিক্ষাকে ধারন করে মানবকল্যানে সকলকে কাজ করতে হবে।
আজ রোববার (১০ মে) নগরীর আগ্রবাদে মরহুমা আলহাজ্ব মোছাম্মৎ রোখসানা আক্তার হীরা ফাউন্ডেশনের উদ্দ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআনে হাফেজ, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ প্রদানসহ, খাদ্য ও ইফতার সামগ্রী বিতরনকালে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মরহুমা আলহাজ্ব মোছাম্মৎ রোখসানা আক্তার হীরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুসহ মহানগর আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তিনি আরো বলেন, মানবতার মূর্ত প্রতীক হযরত মোহাম্মদ(সাঃ) হাজার বছর আগে মহামারী প্রতিরোধে তার সাহাবীদের আইসোলেশন, হোম কোয়ারেন্টাইন-এর উপদেশ দিয়েছিলেন যা আজ আধুনিক বিজ্ঞানও সমর্থন করছে। এদেশের সকল ক্রান্তিলগ্নে আওয়ামীলীগ নেতাকর্মীরা সাহসী ভুমিকা পালন করেছে উল্লেখ করে মুক্তিযোদ্ধা রেজাউল করিম বলেন, ১৯৭০-১৯৯১ এর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপকূলীয় এলাকার সর্বহারা মানুষের পাশে দাঁড়িয়েছিল।
আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে ১৯৯১ সালে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ভেসে আসা পচা গলিত লাশ নিজ হাতে দাফন করেছিলেন চট্টল বীর এ,বি,এম মহিউদ্দিন চৌধুরী।
শহরের মুসলিম হলে বেসরকারী পর্যায়ে তৈরি করেছিলেন ডায়রিয়া, কলেরা হাসপাতাল ও ওরস্যালাইন তৈরী প্রকল্প। তিনি বলেন, তাঁর সহযোদ্ধা হিসেবে আমরাও বর্তমানে করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় জীবনবাজী রেখে কাজ করে চলেছি।
তিনি বলেন, ১৯৭১ সালে নিরস্ত্র বাঙালী জাতির উপর পাকবাহিনী নিষ্ঠুরভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই বাঙালী জাতি পাকিস্তানি হানাদারদের নাকে খত দিয়ে পরাজিত করেছিল।
তিনি বলেন, একই ভাবে করোনা দুর্যোগ মোকাবিলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই জাতি সফল হবে। তিনি উপস্থিত সকলকে সরকারী নির্দেশনা, ডাক্তারের পরামর্শ অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, এই মহামারী থেকে সকলকে রক্ষা করতে আলেম, উলামা, ইমাম, মুয়াজ্জিনদের সচেতনতামূলক ভুমিকা পালন করতে হবে।




















