করোনাভাইরাসের কারণে মাঠে নেই কোন খেলা। তাই বাসায় বসে সময় কাটাচ্ছেন খেলোয়াড়রা। এ পরিস্থিতিতে কে কি করছেন, কিভাবে সময় কাটাচ্ছেন, এ সব বিষয় নিয়ে আলোচনার জন্য রাতে লাইভ আড্ডায় এসেছেন জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন ও ডিফেন্ডার রহমত মিয়াসহ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ ফুটবলার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমির সঞ্চালনায় আজ (বৃহস্পতিবার) রাত ৯ টায় ‘বিপিএল প্লেয়ার্স আড্ডা’ নামের এই লাইভ অনুষ্ঠান শুরু হয়।
শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল, বসুন্ধরা কিংসের মিডফিল্ডার ইমন মাহমুদ বাবু, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মিডফিল্ডার ওমর ফারুক বাবু, চট্টগ্রামআবাহনীর স্ট্রাইকার সাখাওয়াত হোসেন রনি, উত্তর বারিধারার সুমন রেজা, আরামবাগ ক্রীড়া সংঘের দিদারুল হক, রহমতগঞ্জের রাসেল মাহমুদ লিটন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অনিক ঘোষ, আবাহনীর নাবিব নেওয়াজ জীবন, পুলিশ ফুটবল ক্লাবের মোহাম্মদ আমিরুল ইসলাম, ব্রাদার্স ইউনিয়নের ফয়সাল মাহমুদ ও সাইফ স্পোর্টিং ক্লাবের রহমত মিয়া ছিল এই লাইভ আড্ডায়।
করোনাভাইরাসের কারণে সরকার সব খেলা বন্ধ ঘোষণার পর থেকে স্থগিত আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। আবার শুরু হবে কিনা তাও নিশ্চিত নয়।
রোববার প্রিমিয়ার লিগের ১২ তম আসরের ভাগ্য জানাবে বাফুফে। ক্লাব ও জাতীয় দলের ক্যাম্প না থাকায় স্থানীয় ফুটবলাররা যে যার মতো করে বাড়িতে ফিটনেস ধরে রাখার চেষ্টা করছেন।
জাতীয় দলের ফুটবলাররা এ কাজটি করছেন ইংলিশ কোচ জেমি ডে’র নির্দেশনা অনুযায়ী। তিনি লন্ডন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে খেলোয়াড়দের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























