চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা আঁখি নামে করোনা আক্রান্ত এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১২ টার দিকে করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।
আঁখির বাসা চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গার কাটগড় এলাকায়। পতেঙ্গায় চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত একটি মহিলা কলেজে স্নাতক শ্রেণিতে পড়তেন তিনি। জানা গেছে, ব্লাড ক্যানসারে আক্রান্ত মেয়েটিকে গত মার্চে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
এপ্রিলের মাঝামাঝিতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ মে নমুনা পরীক্ষায় তিনি করোনাভাইরাস পজিটিভ রোগী হিসেবে শনাক্ত হন।
ওইদিনই তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বুধবার সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীটির মৃত্যু হয়। মৃত্যু হওয়া রোগী ক্যান্সার আক্রান্ত ছিলেন।



















