চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ শুক্রবার (১৫ মে) এক পুলিশ সদস্য এবং বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের বাবা মারা গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নঈমুল হক (৩৫) নামে পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। নঈমুল হক সিএমপির ট্্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার দেবীদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ির বাসিন্দা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হওয়া এক পুলিশ সদস্য শুক্রবার দুপুরে মারা গেছেন। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন কনস্টেবল নঈমুল হক।
এদিকে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সলিল বিশ্বাস ৭৫ নামের এ বৃদ্ধ মারা যান। জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুর রব বলেন, নগরীর উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা ওই ব্যক্তির গত ১০ মে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
সেদিন তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার ডায়বেটিস ছিল। আক্রান্ত ব্যক্তির ছেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। তিনিও আমাদের সঙ্গে চেষ্টা করেছেন, কিন্তু বাঁচানো যায়নি।





















