নগরীতে বিভিন্ন দোকানে নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায়, রং দেয়া করমচা (নকল চেরি) বিক্রয় ও বেশি দামে নিত্যপণ্য বিক্রয় করার অপরাধে জরিমানা আদায় করা হয়।
আজ ১৬ মে শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মহানগরীর চকবাজার, কোতয়ালী ও পাঁচলাইশ এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
বেলা ১০টা হতে পরিচালিত অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে নকল চেরি ধ্বংসসহ তিনটি টিসিবি ট্রাকসেল পর্যবেক্ষণ করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় উক্ত অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান প্রসঙ্গে বলেন, জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।






















